নরসিংদী-মনোহরদী প্রতিনিধি:
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, কোনো দুর্নীতিবাজ, সন্ত্রাসী, দখলবাজ, চাঁদাবাজ কিংবা অস্ত্রধারীর দলে জায়গা হবে না। অন্যায়, অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিষয়ে দলকে কঠোর অবস্থান নিতে হবে।
শুক্রবার (২৮ আগস্ট) মনোহরদী ও বেলাব উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারি দায়িত্ব ও বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডের কারণে সবসময় এলাকায় থাকা সম্ভব হয় না। তবে এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ইতোমধ্যে এলাকায় উল্লেখযোগ্য উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে আরও বেশ কিছু উন্নয়নকাজ দৃশ্যমান হবে।
তিনি বলেন, সম্প্রতি মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ জেলার উন্নয়ন সমন্বয় এবং সাংগঠনিক কার্যক্রম দেখভালের অতিরিক্ত দায়িত্বও তাকে দেওয়া হয়েছে। এতে তার সরকারি ও সাংগঠনিক দায়িত্ব আরও বেড়েছে।
স্থানীয় পর্যায়ে দুর্বল, নিরীহ ও অসহায় মানুষের জমিজমা দখলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না।
ব্যক্তিগত প্রভাব খাটিয়ে কাজ আদায় কিংবা দুই পক্ষকে খুশি রাখার রাজনীতি থেকে নেতাকর্মীদের বেরিয়ে আসতে হবে।
তিনি বলেন, জনগণের কাছে নেতাকর্মীদের জবাবদিহি করতে হবে। শুধু পদ-পদবি নিয়ে বসে না থেকে মানুষের কল্যাণে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জনই হবে নেতাকর্মীদের প্রধান দায়িত্ব।
নেতাকর্মীদের উদ্দেশে সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, সাধারণ মানুষের সঙ্গে খারাপ আচরণ, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা কোনো ধরনের দুর্নীতিতে জড়ানো যাবে না। এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব সরাসরি দলের ভাবমূর্তির ওপর পড়ে।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক পরিবেশ ও গণতান্ত্রিক রাজনীতি বজায় রাখতে নেতাকর্মীদের সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে। সাধারণ মানুষ যেন দলের নেতাকর্মীদের ভালো মানুষ হিসেবে মূল্যায়ন করে, সেভাবেই প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মতবিনিময় সভায় মনোহরদী ও বেলাব উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্যসচিব, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে মন্ত্রী নেতাকর্মীদের ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দল ও জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা বজায় রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।