উপজেলা প্রতিনিধি
মেধা, সাফল্য আর স্বপ্নকে ঘিরে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মাদারীপুরের শিবচরের বাহাদুরপুরে সম্পন্ন হয়েছে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ১৭ কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠান। পাঁচ্চর ক্লাস্টারের অন্তর্ভুক্ত বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের স্বীকৃতি দিতে এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাতে এই আয়োজন করা হয়।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৯টায় উপজেলার ৭৫ নম্বর বড় বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়টির উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বিদ্যালয় চত্বর এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়। দুপুর ১২টা পর্যন্ত চলা এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এ.আর.এম. ওয়ায়েয।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমেদ হানজালা বিদ্যালয়ের হাজি শরিয়তউল্লাহ কক্ষে স্থাপিত ‘সততা স্টোর’-এর ফিতা কেটে শুভ উদ্বোধন করেন।
পাঁচ্চর ক্লাস্টারে বৃত্তিপ্রাপ্ত মোট ১৭ জন শিক্ষার্থীর মধ্যে ৭৫ নম্বর বড় বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮ জন, ৩৮ নম্বর পাঁচ্চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন, ৩৫ নম্বর বন্দরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ জন, ১৩২ নম্বর আব্দুল করিম খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন এবং ৩৭ নম্বর হোগলান মাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ জন শিক্ষার্থী রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সৈয়্যদাতুন নেছা রূপা, ইউআরসি ইন্সট্রাক্টর এস.এম. আমিন উদ্দিন মিয়া এবং শিবচর উপজেলার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা।
অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা উপহার তুলে দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সৈয়্যদাতুন নেছা রূপা তাঁর বক্তব্যে বলেন, “আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। শুধু ভালো ফলাফল করলেই হবে না, তাদের নৈতিকতা ও দেশপ্রেমের শিক্ষায়ও গড়ে উঠতে হবে।
৭৫ নম্বর বড় বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সালাম মিয়া জানান, ১৯৯৮ সালে যোগদানের পর থেকে নানা প্রতিকূলতা পেরিয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়টি ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। চলতি বছর এই বিদ্যালয় শিবচর থানায় দ্বিতীয় স্থান অর্জন করায় তিনি আনন্দ প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমেদ হানজালা অভিভাবকদের উদ্দেশে বলেন, “অল্প বয়সে সন্তানদের ঝুঁকিপূর্ণ উপায়ে বিদেশে পাঠানোর চিন্তা না করে তাদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলুন। গ্রাম থেকেই পড়াশোনা করে অনেকেই আজ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। আমি বিশ্বাস করি, এই বাহাদুরপুর থেকেই একদিন এসপি, ডিসি, সচিবের মতো দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে যাওয়ার মতো যোগ্য মানুষ তৈরি হবে। এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের উন্নয়নে আমি সব সময় পাশে থাকব।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলতে এবং তাদের মেধার সঠিক মূল্যায়নের লক্ষ্যেই এই আনন্দঘন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মোঃ শামীম আহমেদ
০১৭৩৪০৮৪১২২
২৮/০৮/২০২৬