বাসন থানার বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার, আদালতে প্রেরণ
মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ২৮ আগস্ট ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলা ও অভিযোগে ১১ জন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে সন্ত্রাসবিরোধী মামলার আসামী, মাদক মামলার আসামী, ডাকাতি প্রস্তুতি মামলার সন্দেহভাজন, জিআর পরোয়ানাভুক্ত আসামী, ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারার আসামী এবং জিএমপি অধ্যাদেশ প্রসিকিউশনের আসামীরা রয়েছেন। পরে তাদেরকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত আসামী আমজাদ হোসেন মন্ডল (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। তিনি গাজীপুর মহানগরের বাসন থানার আউটপাড়া এলাকার বাসিন্দা।
অপরদিকে, ৪০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায় দুই এজাহারভুক্ত আসামী মোছাঃ চাঁদনী আক্তার (৩০) ও মোছাঃ আখি আক্তার (২৮) কে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া সাত ক্যান বিয়ারসহ মাদক মামলার এজাহারভুক্ত আসামী মোঃ সায়েম (২৬) কে আটক করা হয়।
ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে সুমন হোসেন (২৮) কে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামী মোঃ হামিদুল ইসলাম (২৭) কেও আটক করা হয়।
ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় মোঃ আক্তার হোসেন (৩২) কে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
অন্যদিকে, জিএমপি অধ্যাদেশ প্রসিকিউশন মামলায় মোঃ আলামিন (২০), মোঃ জিহাদ (২১), মোঃ রাসেল (২৬) এবং মোঃ জাকির হোসেন (২৬) কে গ্রেফতার করা হয়েছে।
বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতারকৃত সকল আসামীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।