ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়ার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে একটি মাদকবাহী মাইক্রোবাস। এ সময় গাড়িতে থাকা মাদক পাচারকারীরা মাইক্রোবাসটি ফেলে পালিয়ে যায়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ৯ বস্তা গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) ভোররাতে উপজেলার বিনাউটি ইউনিয়নের আন্দিরপাড়-খিদিরপুর সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে পুলিশ জানতে পারে, একটি মাইক্রোবাসে করে বিপুল পরিমাণ মাদক আন্দিরপাড়-খিদিরপুর সড়ক দিয়ে মহাসড়কের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়ে কসবা থানা পুলিশের একটি দল এসআই শামীমের নেতৃত্বে ওই সড়কে অবস্থান নেয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাসটি চেকপোস্ট অতিক্রম করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ গাড়িটিকে ধাওয়া করলে চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে মাইক্রোবাসটি সড়কের পাশের একটি খাদে পড়ে যায়।
এ সুযোগে মাইক্রোবাসে থাকা মাদক পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করে তল্লাশি চালায়। এ সময় ঢাকা মেট্রো-ঢ-১৯-০৭৪০ নম্বরের মাইক্রোবাস থেকে ৯ বস্তা গাঁজা উদ্ধার করা হয়।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে উদ্ধার হওয়া গাঁজার মোট ওজন এবং পালিয়ে যাওয়া মাদক পাচারকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।