প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন,
বরিশালের মেহেন্দিগঞ্জে একই দিনে পৃথক ঘটনায় পানিতে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের পূর্ব হর্নি ও মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের চরহোগলা এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।জানা গেছে, বৃহস্পতিবার উত্তর উলানিয়া ইউনিয়নের পূর্ব হর্নি গ্রামে পুকুরের পানিতে ডুবে ১৮ মাস বয়সী শিশু ওবায়দুল্লাহর মৃত্যু হয়। নিহত ওবায়দুল্লাহ মোহাম্মদ শাহিন মোল্লার ছেলে।ঘটনার সময় শিশুটির মা বাড়ির পাশে সবজি বাগানে শাক-সবজি কাটছিলেন। এসময় ওবায়দুল্লাহ সবার অগোচরে ঘর থেকে বের হয়ে পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে একপর্যায়ে পুকুর থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়।অন্যদিকে, একই দিন বিকেলে মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের চরহোগলা গ্রামের ১ নম্বর ওয়ার্ডে পানিতে পড়ে ফাহাদুল ইসলাম মাহিম (৬) নামে আরও এক শিশুর মৃত্যু হয়। নিহত মাহিম চরলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেলের একমাত্র ছেলে।একই দিনে পৃথক দুটি ঘটনায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে উভয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।