নওগাঁর রাণীনগরে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সিফাত হোসেন (১৪) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার চক পারইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিফাত ওই গ্রামের দুলাল হোসেনের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ওই শিশু এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে সিফাত তাকে ডেকে স্থানীয় একটি জঙ্গলের দিকে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর শিশুটির বাবা বৃহস্পতিবার সন্ধ্যায় রাণীনগর থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযুক্ত সিফাত হোসেনকে গ্রেপ্তার করে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন, শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন। মামলার আসামি সিফাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শুক্রবার আদালতে পাঠানো হবে।