শনিবার, ২৯ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গোসাইরহাটে ৮১০ পিস ইয়াবাসহ আটক ১, শিক্ষার্থীদের হাতে আটক

আল আমীন সরদার
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ০৮:৪০ pm
গোসাইরহাটে ৮১০ পিস ইয়াবাসহ আটক ১, শিক্ষার্থীদের হাতে আটক

আল আমীন সরদার

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের গোসাইরহাটে ৮১০ পিস ইয়াবাসহ আবু সিদ্দিক (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে একদল শিক্ষার্থী। পরে তাকে ইয়াবাসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার সামন্তসার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সামন্তসার এলাকার এক যুবক গোসাইরহাট সরকারি শামসুর রহমান কলেজের শিক্ষার্থী রাব্বি পেদাকে ফোন করে জানান, একটি অটোরিকশায় করে এক ব্যক্তি ইয়াবার চালান নিয়ে ওই এলাকা দিয়ে যাচ্ছেন।

খবর পেয়ে রাব্বি পেদা তার সহপাঠী আল-আমিন, ইয়াছিন, জিসান, মাহিন ও আসিফকে নিয়ে মোটরসাইকেলে ঘটনাস্থলে যান।

পরে তারা গোসাইরহাট-সামন্তসার সড়কে অটোরিকশাটির গতিরোধ করে আবু সিদ্দিককে আটক করেন। এ সময় তার শরীরে তল্লাশি চালিয়ে একটি প্যাকেট উদ্ধার করা হয়।

পরে আটক ব্যক্তির উপস্থিতিতে প্যাকেটটি খুলে গণনা করা হলে সেখানে ৮১০ পিস ইয়াবা পাওয়া যায় বলে জানায় পুলিশ।

খবর পেয়ে গোসাইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াবাসহ আবু সিদ্দিককে হেফাজতে নেয়। আটক আবু সিদ্দিক গোসাইরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিনটিয়া গ্রামের বাসিন্দা।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহানউদ্দিন জানান, উদ্ধার হওয়া ইয়াবার বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!