বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শিবগঞ্জে নিখোঁজের ৫ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ৩ ​

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি নবী ওয়ালীউল্লা
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ০২:২০ pm
শিবগঞ্জে নিখোঁজের ৫ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ৩ ​

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর রুমন আলী (২৩) নামে এক অটোরিকশাচালকের পচনধরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অটোরিকশা ছিনতাই ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

​নিহত রুমন আলী শিবগঞ্জের স্থানীয় একরামুল হকের পালিত ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট ভোরে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি রুমন। স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির সূত্র ধরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়াসিম অসিম ও রফিকুল আলম নামে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।

​পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উমর ফারুকের বাড়ি থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। অটোরিকশাটির আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা হলেও আসামিরা তা মাত্র ৭০ হাজার টাকায় বিক্রি করে দেয়।

​এ ঘটনায় রুমনের স্ত্রী নাজমা সুলতানা বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলায় আটক তিন আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালে আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

​রিমান্ডে জিজ্ঞাসাবাদকালে আসামি ওয়াসিম অসিম অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে রুমনকে হত্যার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (২৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে স্থানীয়দের সহায়তায় পুটিমারী বিলের একটি আখক্ষেত থেকে রুমনের পচনধরা মরদেহ উদ্ধার করা হয়।

​ঘটনাস্থলে মরদেহের সঙ্গে থাকা মোবাইল ফোন, বেল্ট ও স্যান্ডেল দেখে রুমনের স্ত্রী নাজমা সুলতানা লাশটি শনাক্ত করেন। পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির বিষদ তদন্ত চলছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!