ঢাকার আশুলিয়া ও সাভারে পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক দুটি অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৬ আগস্ট) রাত ১০টা ১০ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন টংগাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করেন ডিবি (উত্তর) এর এসআই (নিঃ) মোঃ রাশেদ মিয়া ও সঙ্গীয় অফিসার-ফোর্স। এ সময় দুইজনকে আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন—মোমিনুর (৩৪)। তিনি জামালপুর সদর থানার বেলটিয়া টিবল পাড় এলাকার ইদ্রীস আলীর ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার টংগাবাড়ী এলাকায় শাহিনুর সাহেবের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
অপর গ্রেপ্তার ব্যক্তি মোঃ আশিকুর রহমান আশিক (৩২)। তিনি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার পাথরডুবি এলাকার মোঃ জাহিদুল ইসলামের ছেলে। বর্তমানে আশুলিয়ার টংগাবাড়ী এলাকায় ছাত্তার ব্যাপারীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
অভিযানকালে তাদের কাছ থেকে ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ট্যাপেন্টাডল ট্যাবলেটের মোট ওজন প্রায় ২৭ গ্রাম। পুলিশের হিসাবে এর আনুমানিক মূল্য ১০ হাজার ৮০০ টাকা।
এরপর একই রাতে রাত সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। ঢাকা জেলা ডিবি (উত্তর) এর এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
এ সময় মোসাঃ শ্রাবনী আক্তার আলিফা (২২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি আশুলিয়া থানাধীন কলমা আনারকলি (পুকুরপার) এলাকার মোঃ সাগর মন্ডলের মেয়ে। বর্তমানে সাভার মডেল থানাধীন আরাপাড়া এলাকায় মজিবরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশের দাবি, শ্রাবনী আক্তার আলিফার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং এর আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার শ্রাবনী আক্তার আলিফার বিরুদ্ধে এর আগে একটি মাদক মামলা রয়েছে। ফলে তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে পূর্বের মামলার তথ্যও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলা ডিবি (উত্তর) সূত্রে জানা গেছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে আশুলিয়া, সাভারসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পৃথক অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান আরও জোরদার করা হবে।