বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সাভারে ডিবির বিশেষ অভিযানে পাঁচ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ০১:০৮ pm
সাভারে ডিবির বিশেষ অভিযানে পাঁচ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে পাঁচজন পেশাদার ছিনতাইকারী ও ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের পাঁচটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত দেড়টার দিকে সাভার মডেল থানাধীন পাকিজা জামে মসজিদের সামনের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম। অভিযানে এসআই (নিঃ) মো. মতিউর রহমানসহ ডিবি পুলিশের একটি দল অংশ নেয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাভার মডেল থানার মজিদপুর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মো. সুজন হোসেন (৩০), কাতলাপুর এলাকার নিতাই কর্মকারের ছেলে নির্মল ওরফে পিচ্চি নির্মল (২৬), রাজবাড়ী সদর থানার কাচরন্দ্র এলাকার মৃত মোহন সরদারের ছেলে মো. সজিব (৩৬), সাভারের বনপুকুর এলাকার মৃত শফিউল্লাহর ছেলে মো. রনি (৩৫) এবং গাইবান্ধার ফুলছড়ি থানার হরিচন্দ্রি এলাকার মৃত সেলিমের ছেলে খায়রুল হক (২২)। খায়রুল হক বর্তমানে আশুলিয়ার জামগড়া এলাকায় রোমান ভূঁইয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেপ্তারদের হেফাজত থেকে একটি ধারালো স্টিলের তৈরি চাপাতি, একটি ধারালো লোহার তৈরি ছোরা, একটি স্টিলের তৈরি সুইচ গিয়ার, একটি স্টিলের তৈরি খুর এবং একটি ধারালো স্টিলের তৈরি চাকু উদ্ধার করা হয়।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার মো. সুজন হোসেনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, দস্যুতা, অন্যান্য অপরাধ ও মাদকসংক্রান্তসহ মোট ১০টি মামলা রয়েছে। এর মধ্যে চারটি ডাকাতির প্রস্তুতির মামলা, দুটি দস্যুতার মামলা, একটি অন্যান্য মামলা এবং তিনটি মাদক মামলা রয়েছে।

অপর গ্রেপ্তার নির্মল ওরফে পিচ্চি নির্মলের বিরুদ্ধে দুটি চুরি ও দুটি মাদকসহ মোট চারটি মামলা রয়েছে। মো. সজিবের বিরুদ্ধে একটি মাদক মামলা এবং মো. রনির বিরুদ্ধে একটি ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশের নজরদারিতে ছিলেন। বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের অবস্থান শনাক্ত করে পাকিজা জামে মসজিদের সামনের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সাভার মডেল থানায় ডাকাতির প্রস্তুতির মামলা করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!