শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

খুলনায় ভাড়া বাসা থেকে ৩টি বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র উদ্ধার, আটক ৩

মোঃগোলাম কিবরিয়া
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ০১:৩৫ am
২৩
খুলনায় ভাড়া বাসা থেকে ৩টি বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র উদ্ধার, আটক ৩
ছবি সংগ্রহ ।

খুলনা প্রতিনিধিঃ

খুলনা নগরীর টুটপাড়া এলাকার দারোগাপাড়ায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৩টি বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই পরিবারের ৩ জনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে নগরীর মহিউদ্দিন সড়কের কেএম ইমতিয়াজ আলীর বাড়ির দোতলার একটি ভাড়া বাসায় এ অভিযান চালানো হয়।

আটকৃতরা হলেন খান কুব্বাত আলী, তাঁর স্ত্রী শামসুন নাহার এবং তাঁদের ছেলে কেএম আবিদ হাসান।

পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে টুটপাড়া দারোগাপাড়ায় কেএম ইমতিয়াজ আলীর বাড়ির দোতলার ভাড়াটিয়া কুব্বাত আলীর বাসায় অভিযান চালায় পুলিশ। অভিযানের শুরুতে ডাইনিং রুমের একটি চেয়ারের ওপর থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে পুরো বাসা তল্লাশি করে আরও ২টি বিদেশি পিস্তলসহ মোট ৩টি পিস্তল, ৬টি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এরপর সন্ধ্যায় একই বাসায় পুনরায় তল্লাশি চালিয়ে ২টি চাইনিজ কুড়াল, ২টি চাপাতিসহ দেশীয় তৈরি আরও বেশ কয়েকটি ধারালো ও বিপজ্জনক অস্ত্র উদ্ধার করা হয়।

খুলনা থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, বুধবার সকালে টুটপাড়া এলাকায় তেরখাদা উপজেলার দুলু শেখের ছেলে মাসুদ শেখ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। ওই ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ অনুসন্ধান শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় বিকেলে দারোগাপাড়ার ওই ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রের সন্ধান পাওয়া যায়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া অস্ত্রগুলো কোথা থেকে আনা হয়েছে, কারা ব্যবহার করত এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল কি না—সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। আটক ৩ জনকে থানা হেফাজতে রেখে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে।

এদিকে, গুলিবিদ্ধ মাসুদ শেখের ঘটনায় উদ্ধার হওয়া অস্ত্রগুলোর কোনো যোগসূত্র রয়েছে কি না সেটিও তদন্ত করে দেখছে পুলিশ। অভিযানের পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তদন্ত শেষে উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!