শিবপুর (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলার গরবাড়ি এলাকার কালীমন্দিরের পাশে ইউনিয়ন পরিষদের অর্থায়নে নির্মিত ইটের সলিং সড়কে বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে স্থানীয় বকুল ও তার চাচা মোতালিব ফরাজির বিরুদ্ধে। এতে সড়কটি ব্যবহারকারী প্রায় ৫০টি পরিবারসহ আশপাশের বাসিন্দারা ভোগান্তিতে পড়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, বকুলের বাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জেরে বকুলের বাড়ি থেকে কিছুটা দূরে মোতালিব ফরাজির বাড়ির পাশের ইটের সলিং সড়কের একটি অংশে বাঁশের বেড়া দিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দুলালপুর ইউনিয়ন পরিষদের অর্থায়নে নির্মিত ইটের সলিং সড়কের ওপর বাঁশ দিয়ে বেড়া দেওয়া হয়েছে। ফলে স্থানীয় বাসিন্দারা স্বাভাবিকভাবে সড়কটি ব্যবহার করতে পারছেন না। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ বিষয়ে মোতালিব ফরাজি বলেন, “আমার ভাতিজা বকুল বাড়িতে যাতায়াত করতে পারে না। এ কারণে আমরা এখানে বাঁশের বেড়া দিয়েছি।”
স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি অর্থায়নে নির্মিত জনসাধারণের চলাচলের সড়ক ব্যক্তিগত বিরোধের কারণে বন্ধ করে দেওয়া হলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে সড়কটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করার পাশাপাশি বিরোধের স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং সড়কটি পুনরায় স্বাভাবিক চলাচলের উপযোগী করা হবে।