চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে অভিযান চালিয়ে ১১টি চোরাই স্মার্টফোনসহ আন্তঃজেলা মোবাইল চোরাচালান ও ক্রয়-বিক্রয় চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে বারইয়ারহাট পৌরসভার কমফোর্ট হাসপাতালের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জোরারগঞ্জ থানার সামনেরখীল এলাকার মৃত নুরুর সোবাহানের ছেলে মো. জসিম উদ্দিন (৪৫), সিলেটের গোলাপগঞ্জ থানার বাদে বাসা এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. জাকির হোসেন (২৮) এবং কিশোরগঞ্জের মিঠামইন থানার চারগ্রাম এলাকার সোলেমান মিয়ার ছেলে মো. সুজাত মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চট্টগ্রাম থেকে ‘এডিএম’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে করে তিন ব্যক্তি চোরাই মোবাইল ফোনের একটি চালান নিয়ে ফেনীর দিকে যাচ্ছেন। এ তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে পুলিশের একটি দল বারইয়ারহাট পৌরসভার কমফোর্ট হাসপাতালের সামনে চেকপোস্ট স্থাপন করে।
পরে সন্দেহভাজন বাসটি থামিয়ে তল্লাশি চালানো হলে ওই তিন যাত্রীর কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১১টি চোরাই স্মার্টফোন উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে চোরাই মোবাইল সংগ্রহ করে আন্তঃজেলা পর্যায়ে অবৈধভাবে ক্রয়-বিক্রয় ও সরবরাহের সঙ্গে জড়িত। তাদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই মোবাইলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে চক্রটির অন্যান্য সদস্যকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।