বুধবার, ২৬ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বৈষম্যপূর্ণ উচ্ছেদ ও ইজারাদারের লোকজনকে মারধরের প্রতিবাদে বাঘের বাজারে মহাসড়ক অবরোধ

মোঃ মহিন উদ্দিন
বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০:০৭ pm
বৈষম্যপূর্ণ উচ্ছেদ ও ইজারাদারের লোকজনকে মারধরের প্রতিবাদে বাঘের বাজারে মহাসড়ক অবরোধ

সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানকে বৈষম্যপূর্ণ দাবি করে এবং ইজারাদারের লোকজনকে মারধরের প্রতিবাদ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিতে গাজীপুরের বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

বুধবার বিকেলে বাঘের বাজার এলাকায় এ কর্মসূচি পালন করেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এতে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

ব্যবসায়ীদের অভিযোগ, গত কয়েকদিন ধরে সড়ক ও জনপথ বিভাগ বাঘের বাজার, ভবানীপুর ও মেম্বারবাড়ী এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। অভিযানে বেশ কিছু ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ হওয়ায় ব্যবসায়ীরা জীবিকা হারিয়ে বিপাকে পড়েছেন।

ব্যবসায়ীরা আরও অভিযোগ করেন, গতকাল বাঘের বাজার এলাকায় ইজারাদারের লোক আমিনুল ইসলামসহ তিনজনকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইজারাদারের পক্ষ থেকে জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

তাদের দাবি, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ী, মাওনা চৌরাস্তা, এমসি বাজার, নয়নপুর ও জৈনা বাজারসহ বিভিন্ন এলাকায় সড়কের জায়গায় স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান থাকলেও সেখানে একইভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে না। এ কারণে বাঘের বাজার, ভবানীপুর ও মেম্বারবাড়ী এলাকায় পরিচালিত উচ্ছেদ অভিযানকে বৈষম্যপূর্ণ বলে দাবি করছেন তারা।

ব্যবসায়ী নেতা ও ইজারাদারের লোক আমিনুল ইসলাম বলেন, “আমরা সড়কের জায়গা দখল করে ব্যবসা করার পক্ষে নই। তবে উচ্ছেদ করতে হলে সবার ক্ষেত্রে সমানভাবে অভিযান পরিচালনা করতে হবে। আমাদের অনেকেই ক্ষুদ্র ব্যবসা করে পরিবার চালান। কোনো ধরনের পুনর্বাসন ব্যবস্থা না করে উচ্ছেদ করায় তারা এখন অসহায় হয়ে পড়েছেন। আমরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি জানাই।”

মহাসড়ক অবরোধের খবর পেয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুস আলী নছ মিয়া ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দেন। একপর্যায়ে তিনি ব্যবসায়ীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেন।

প্রায় এক ঘণ্টা পর ব্যবসায়ীরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে অবরোধের কারণে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

ব্যবসায়ীরা জানান, দ্রুত ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করা না হলে ভবিষ্যতে তারা আরও কঠোর কর্মসূচি দেওয়ার বিষয়টি বিবেচনা করবেন।

এ বিষয়ে গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানবীর আহমেদ বলেন, “সড়কের জায়গায় গড়ে ওঠা অন্যান্য বাজারগুলোর উচ্ছেদ প্রক্রিয়াধীন রয়েছে।”

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!