বুধবার, ২৬ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

জাবিতে শিবিরের কর্তৃত্ব লজ্জাজনক: এমপি দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু

এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি
বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ০৭:৫০ pm
জাবিতে শিবিরের কর্তৃত্ব লজ্জাজনক: এমপি দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ থাকার পর ৫ আগস্টের পর ক্যাম্পাসে সংগঠনটির প্রভাব ও কর্তৃত্ব প্রতিষ্ঠার ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে আশুলিয়ার নয়াপাড়া এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও ইতিহাস বিভাগের মেধাবী শিক্ষার্থী শহীদ হাবিবুর রহমান কবিরের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবিরের রাজনীতি দীর্ঘদিন নিষিদ্ধ ছিল। কিন্তু ৫ আগস্টের পরে শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্তৃত্ব করছে—এটা আমাদের জন্য লজ্জাজনক।”

তিনি আরও বলেন, “শিবির কেন নিষিদ্ধ ছিল, সেটা সবাই জানে। ১৯৭১ সালে তাদের ভূমিকা কী ছিল, সেটাও দেশের মানুষ জানে। বর্তমান প্রজন্মসহ সবাইকে তাদের অতীত ও উত্থানের ইতিহাস মনে রাখতে হবে। তারা কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তাদের রাজনৈতিক ভূমিকার পেছনে কী ইতিহাস রয়েছে, সেটিও নতুন প্রজন্মের জানা দরকার।”

তিনি বলেন, ইতিহাস ভুলে গেলে একটি জাতি তার ভবিষ্যৎ পথচলায় বিভ্রান্ত হতে পারে। তাই দেশের রাজনৈতিক ইতিহাস, বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক শক্তির ভূমিকা সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করা জরুরি।

শহীদ হাবিবুর রহমান কবিরের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃক্ষরোপণ করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মী ও শিক্ষার্থীরা শহীদ কবিরের রাজনৈতিক আদর্শ, সাহস ও আত্মত্যাগের স্মৃতিচারণ করেন।

পরে নয়াপাড়া ব্যাপারী বাড়ি জামে মসজিদে শহীদ হাবিবুর রহমান কবিরের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উল্লেখ্য, ১৯৮৯ সালের এই দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে গুরুতর আহত হন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান কবির। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘ সাড়ে তিন দশক পেরিয়ে গেলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের কাছে শহীদ হাবিবুর রহমান কবিরের স্মৃতি এখনও উজ্জ্বল হয়ে আছে। প্রতিবছর তার মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাকে স্মরণ করা হয়।

হাবিবুর রহমান কবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হলের আবাসিক শিক্ষার্থী হিসেবে অবস্থান করতেন। ছাত্ররাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীদের কাছেও তিনি পরিচিত ছিলেন বলে অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন।

বৃক্ষরোপণ, স্মরণসভা ও দোয়া মাহফিলের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মইন উদ্দিন বিপ্লব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ইলিম মোঃ নাজমুল হোসেন, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলমসহ বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, ছাত্রদলের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা শহীদ হাবিবুর রহমান কবিরের স্মৃতি সংরক্ষণ, তার আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং দেশের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে তরুণদের সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!