জেলা প্রতিনিধি ,
নবী ওয়ালিউল্লাহ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৩৪০ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসহ নজরুল ইসলাম (৪৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বুধবার (২৬ আগস্ট ২০২৬) দুপুরে সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নজরুল ইসলাম শিবগঞ্জ উপজেলার পিরোজপুর ইউনিয়নের বালিয়াদিঘি গ্রামের মোবারক হোসেনের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ আগস্ট দুপুর ১টা ২০ মিনিটে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সোনামসজিদ সীমান্ত পিলার ১৮৫/১৩-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিরোজপুর ইউনিয়নের বালিয়াদিঘি গ্রামস্থ ‘নিউ দেশ স্কেল’-এর সামনের পাকা রাস্তায় এই অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজন নজরুল ইসলামকে তল্লাশি করে ৩৪০ পিস ইয়াবা, একটি এ্যাপাচি আরটিআর (Apache RTR-160 cc) মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোনসহ হাতেনাতে আটক করা হয়।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, "দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। সীমান্ত দিয়ে সব ধরনের চোরাচালান ও মাদক প্রবেশ রোধে বিজিবির এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।"