বুধবার, ২৬ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ ২৭ আগস্ট দেশে আসছে

আব্দুল্লাহ আল মাহীদ
বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ০২:০৬ pm
৪১
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ ২৭ আগস্ট দেশে আসছে

সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি কর্মীর মধ্যে পরিচয় শনাক্ত হওয়া ৯ জনের মরদেহ আগামী ২৭ আগস্ট দেশে আসছে। শনাক্ত হওয়া ৯ জনের মধ্যে ৭ জনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা।


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ২৫ আগস্ট ২০২৬ তারিখের এক সরকারি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় সংঘটিত অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি কর্মী নিহত হন। সৌদি কর্তৃপক্ষ ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে নিহতদের মধ্যে ৯ জনের পরিচয় শনাক্ত করেছে।

সরকারি চিঠির তথ্য অনুযায়ী, নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ বিমানের BG-340 নম্বর ফ্লাইটে আগামী ২৭ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

পরিচয় শনাক্ত হওয়া ৯ জনের মধ্যে নওগাঁ জেলার আত্রাই উপজেলার সাতজন, নাটোরের নলডাঙ্গা উপজেলার একজন এবং রাজশাহীর বাগমারা উপজেলার একজন রয়েছেন।

নওগাঁর আত্রাই উপজেলার নিহতরা হলেন- মো. ফরিদ, মো. রুবেল প্রামাণিক, মো. সোহেল রানা, মো. কলিমউদ্দিন ইসলাম, মো. মোহন আলী, মো. সুমন আলী ও আব্দুল জলিল সরকার।

এ ছাড়া নাটোরের নলডাঙ্গা উপজেলার রবিউল ইসলাম এবং রাজশাহীর বাগমারা উপজেলার মো. শ্যামল উদ্দিন মাঝি নাম সরকারি তালিকায় রয়েছে।

নিহতদের মরদেহ গ্রহণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবহিত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

তবে সরকারি চিঠিতে ৯ জনের মরদেহ দেশে আসার কথা বলা হলেও, ১৬ নিহতের মধ্যে বাকি ৭ জনের মরদেহের বিষয়ে এই চিঠিতে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!