রবিবার, ১১ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ফরিদপুর সদরে বিএসটিআই ও টাস্কফোর্সের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা

মামুন মিঞা
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ০৯:০৩ pm
৫২
ফরিদপুর সদরে বিএসটিআই ও টাস্কফোর্সের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা

ফরিদপুর সদর উপজেলায় বিএসটিআই, জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্সের অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) জেলার কানাইপুরের বিভিন্ন এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে ভোক্তা অধিকার, ওজন ও পরিমাপ এবং নিরাপদ খাদ্যসংক্রান্ত আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানগুলোকে এ জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, কানাইপুরের পূর্ব গঙ্গাবর্দী এলাকার রয়েল ফিলিং স্টেশন-এর ব্যবহৃত ট্যাংকলরির ক্যালিব্রেশন সনদের মেয়াদ উত্তীর্ণ থাকায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই এলাকার রয়েল হাইওয়ে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে বাসি খাবার পরিবেশন, কর্মীদের স্বাস্থ্যসনদ না থাকা, ক্ষতিকর নন-ফুডগ্রেড রঙ ও ভেজাল ঘি ব্যবহারের প্রমাণ পাওয়ায় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া কানাইপুরের মেহেদী ফুড প্রোডাক্টস নামের বেকারি কারখানায় নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে শেফ ফুড ইন্ডাস্ট্রিজে চানাচুর ও চিপস তৈরিতে পোড়া তেল ব্যবহার, পণ্যের লেবেলে মিথ্যা ও ভুল তথ্য প্রদান এবং অননুমোদিত রঙ ব্যবহারের প্রমাণ পাওয়ায় ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩’ অনুযায়ী সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টটি জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. জান্নাতুল সুলতানার যৌথ নেতৃত্বে পরিচালিত হয়।

অভিযানকালে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই ফরিদপুরের পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী এস এম সোহরাব হোসেন উপস্থিত ছিলেন।

বিএসটিআই ফরিদপুর আঞ্চলিক কার্যালয় জানিয়েছে, জনস্বার্থে এবং ভোক্তা অধিকার সুরক্ষায় অনিয়ম ও ভেজালবিরোধী এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!