মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো: জাকির হোসেন। তিনি বলেছেন, সমাজ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর ভূমিকা পালন করবে।
ব্যারিস্টার শেখ মো: জাকির হোসেন বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি দেশের উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি। এসব অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, যারা বিএনপির নাম ব্যবহার করে অরাজকতা সৃষ্টি, চাঁদাবাজি কিংবা জনগণের মধ্যে ভীতি ছড়ানোর অপচেষ্টা করবে, তাদের কখনোই জাতীয়তাবাদী দল বিএনপি প্রশ্রয় দেবে না। দলের আদর্শ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খল সমাজ গঠনে মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় প্রশাসনের অবস্থান সবসময় কঠোর থাকবে বলেও উল্লেখ করেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো: জাকির হোসেন। তিনি বলেন, মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।