সোমবার, ২৪ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ভাঙ্গায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে আহত ৪, চালক শঙ্কা মুক্ত নয়।

মামুন মিঞা
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ০৭:০৯ pm
ভাঙ্গায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে  আহত ৪, চালক শঙ্কা মুক্ত নয়।

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালকসহ চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে অ্যাম্বুলেন্স চালকের অবস্থা সংকটপূর্ণ বলে জানা গেছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষে এর ইঞ্জিনের অংশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা আহতদের উদ্ধার করেন। পরে তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্সটি মহাসড়কের পাশ থেকে সরিয়ে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী, পূর্ব সদরদী বাসস্ট্যান্ডসহ আশপাশের এলাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। বেপরোয়া ও দ্রুতগতির যান চলাচল এবং অদক্ষ চালকদের কারণে এসব এলাকায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

তাদের অভিযোগ, মহাসড়কে অনেক যানবাহন নির্ধারিত গতিসীমা না মেনে চলাচল করে। পাশাপাশি চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র ও ফিটনেস যথাযথভাবে যাচাই করা প্রয়োজন।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের দায়িত্বশীলভাবে গাড়ি চালানো, নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং যানবাহনের ফিটনেস ও প্রয়োজনীয় কাগজপত্র নিশ্চিত করার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!