মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মনোহরদীতে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে হত্যা মামলার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার

মোঃএমরুল ইসলাম
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ১০:০৫ pm
৩৬
মনোহরদীতে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে হত্যা মামলার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার

নরসিংদী মনোহরদী প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদীতে আকাশ মিয়া (২৪) নামে এক মিস্ত্রি হত্যাকাণ্ডের রহস্য ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা আতাউর রহমান মিস্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, পারিবারিক বিরোধের জেরে ছেলেকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন তিনি।

পুলিশ জানায়, শনিবার (২২ আগস্ট) সকাল ৭টা থেকে ৯টার মধ্যে যেকোনো সময় মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্তিবাসদী গ্রামের নিজ বাড়ির দক্ষিণ ভিটির গোয়ালঘরে আকাশ মিয়াকে মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করা হয়। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। পরে আকাশের মা ফিরোজা খাতুন বাড়িতে এসে গোয়ালঘর থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মনোহরদী থানায় মামলা করেন।

মামলাটি তদন্তকালে গোপন সংবাদের ভিত্তিতে নিহতের বাবা আতাউর রহমান মিস্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে আতাউর রহমান জানান, তার ছেলে আকাশ মিয়া মাদকাসক্ত ছিলেন। এ কারণে প্রায়ই বাবা-ছেলের মধ্যে ঝগড়া-বিবাদ হতো। এছাড়া আতাউর রহমান তার ছোট মেয়েকে কিছু টাকা ধার দিয়েছিলেন। ওই টাকা ফেরত আনার বিষয়কে কেন্দ্র করে বাবা ও ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আকাশ তার বাবা ও বোনকে নিয়ে এলাকায় অশালীন ও কুরুচিপূর্ণ কথা বলতে থাকেন।

পুলিশের দাবি, এসব ঘটনায় ক্ষুব্ধ হয়ে ঘটনার দিন সকাল আনুমানিক ৮টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘুমন্ত অবস্থায় আকাশকে নিজ ঘরের কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন আতাউর রহমান।

তদন্তকালে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা কুড়াল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আতাউর রহমান মিস্ত্রী আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশাহ জানান, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!