মো:কোরবান আলী,মাল্টিমিডিয়া রিপোর্টার,উল্লাপাড়া উপজেলা :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাতভর বিশেষ অভিযান চালিয়েছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। অভিযানে মাদক মামলার আসামি ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান পরিচালনা করে পুলিশ তাদের গ্রেপ্তার করে। থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ১০ জনের মধ্যে তিনজন মাদক মামলার আসামি এবং সাতজন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
পুলিশের এ বিশেষ অভিযানে এলাকায় অপরাধীদের মধ্যে আতঙ্ক এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উল্লাপাড়া মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধ দমনে অভিযান আরও জোরদার করা হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।