সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
উত্তেজনাপূর্ণ সেমিফাইনালে মাগুরা জেলার মোহাম্মদপুর ফুটবল একাডেমিকে ৫–৪ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে সদরপুর ফুটবল একাডেমি।
আজ শুক্রবার (২১ আগস্ট) বিকেলে কৃষ্ণপুর খেলার মাঠে সদরপুর ফুটবল একাডেমি ও মাগুরা জেলার মোহাম্মদপুর ফুটবল একাডেমির মধ্যকার গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
কৃষ্ণপুর স্পোর্টস ক্লাব, সদরপুর, ফরিদপুরের আয়োজনে অনুষ্ঠিত এ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য লাখ টাকা মূল্যমানের পুরস্কার প্রদান করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নির্ধারিত সময়ে উভয় দলই দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে। শেষ পর্যন্ত ৫–৪ গোলের ব্যবধানে জয় তুলে নেয় সদরপুর ফুটবল একাডেমি।
সদরপুর ফুটবল একাডেমির এ জয়ে খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। ফাইনালে শিরোপা জয়ের পাশাপাশি লাখ টাকা মূল্যমানের পুরস্কার ঘরে তোলার লক্ষ্যে এখন প্রস্তুতি নিচ্ছে দলটি।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা আশা করছেন, ফাইনাল ম্যাচটিও হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য।