মোঃ ফরিদ হোসেন
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ২১ আগস্ট ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে একটি ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামিসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি মোঃ মোতাহার (৫০)-কে গ্রেফতার করা হয়। তিনি মৃত আদম আলী ও করুনা বেগমের পুত্র। বর্তমানে গাজীপুরের বাসন থানাধীন চান্দনা (বনরূপা রোড) এলাকায় ডা. তারেক মোহাম্মদ শফিকের বিল্ডিংয়ের ম্যানেজার হিসেবে বসবাস করতেন। তার স্থায়ী ঠিকানা বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দুধল মৌ গ্রামে।
এছাড়া গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) অধ্যাদেশ প্রসিকিউশন মামলায় মোঃ বাধন মিয়া (২২)-কে গ্রেফতার করা হয়। তিনি মোঃ আব্দুর রাজ্জাক মিয়া ও বেবি খাতুনের পুত্র। তার স্থায়ী ঠিকানা রংপুর জেলার মিঠাপুকুর থানার বড় মির্জাপুর এলাকায়। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের বাসন থানাধীন ভোগড়া এলাকার পেয়ারা বাগানে ইসমাইলের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ জানায়, বিশেষ অভিযানে জিএমপি অধ্যাদেশ প্রসিকিউশন মামলার আরও একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বাসন থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং পলাতক আসামিদের গ্রেফতারে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।