রাব্বি সরদার , মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আহসানউদ্দিন মাদবরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) কামারখাড়া ইউনিয়নের প্রায় ৫২টি মসজিদ ও মাদ্রাসায় তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এসব দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মরহুম আহসানউদ্দিন মাদবরের ছেলে মো. সাইফুল ইসলাম মাদবর চঞ্চল এসব দোয়া মাহফিলের আয়োজন করেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আহসানউদ্দিন মাদবর কামারখাড়া ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। দীর্ঘদিন তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোকের সৃষ্টি হয়।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, মানুষের সেবা ও কল্যাণে মরহুম আহসানউদ্দিন মাদবরের অবদান স্থানীয়দের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত দোয়া মাহফিলে আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী, স্থানীয় বাসিন্দা ও মুসল্লিরা অংশ নেয়।
দোয়া মাহফিলে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।
মরহুম আহসানউদ্দিন মাদবরের ছেলে চঞ্চল তাঁর বাবার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি তাঁর বাবার জন্য সবার কাছে দোয়া ও মোনাজাতের অনুরোধ জানিয়েছেন।