মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

জেলা প্রশাসনের উপহারে নতুন ইউনিফর্ম পেল জামালপুরের ৭৯ শিক্ষার্থী

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:০৬ pm
জেলা প্রশাসনের উপহারে নতুন ইউনিফর্ম পেল জামালপুরের ৭৯ শিক্ষার্থী

জামালপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ৭৯ জন শিক্ষার্থীর হাতে বিনামূল্যে স্কুল ড্রেস তুলে দিয়েছে জেলা প্রশাসন। আর্থিক অসচ্ছলতার কারণে দীর্ঘদিন ইউনিফর্মবিহীন অবস্থায় বিদ্যালয়ে আসা শিক্ষার্থীদের জন্য এই উদ্যোগ স্বস্তি ও আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে।

সোমবার (২০ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী শিক্ষার্থীদের হাতে নতুন ইউনিফর্ম তুলে দেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, এখানে মূলত শ্রমজীবী ও নিম্ন আয়ের পরিবারের সন্তানরা পড়াশোনা করে। অনেক শিক্ষার্থীর অভিভাবকের পক্ষে স্কুল ড্রেস তৈরি করা সম্ভব না হওয়ায় তারা ইউনিফর্ম ছাড়াই বিদ্যালয়ে আসত। এ কারণে কিছু শিক্ষার্থী নিয়মিত ক্লাসেও অংশ নিতে পারত না। শিক্ষকেরা বাড়ি বাড়ি গিয়ে তাদের বিদ্যালয়ে ফিরিয়ে আনার চেষ্টা করতেন।

সম্প্রতি বিদ্যালয়ের ওয়াশরুম উদ্বোধনের সময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের ইউনিফর্ম না থাকার বিষয়টি জানতে পারেন। পরে অভিভাবকদের সঙ্গে কথা বলে তিনি স্কুল ড্রেসের ব্যবস্থা করার আশ্বাস দেন। তারই ধারাবাহিকতায় ৭৯ জন শিক্ষার্থীর জন্য বিনামূল্যে ইউনিফর্ম সরবরাহ করা হয়।

নতুন ইউনিফর্ম পেয়ে শিক্ষার্থীদের মুখে ছিল আনন্দের হাসি। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আবির জানায়, এখন থেকে সে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকবে। একই শ্রেণির শিক্ষার্থী মৃত্তিকা বলে, আগে অন্য স্কুলের শিক্ষার্থীদের ইউনিফর্ম দেখে মন খারাপ হতো। এখন নিজেরাও ইউনিফর্ম পরে বিদ্যালয়ে যেতে পারবে, যা তাদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল নাহার বলেন, জেলা প্রশাসনের এই উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে এবং তাদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, কোনো শিশুর শিক্ষা যেন আর্থিক সংকটের কারণে ব্যাহত না হয়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে জেলা প্রশাসনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!