ভূরুঙ্গামারীতে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ভারতীয় চোরাই ৫৫টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. এনামুল হক অন্তর (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার তিলাই ইউনিয়নের আসাদমোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, উত্তর তিলাইয়ের বিএসসি পাড়া এলাকার ময়েন আলীর ছেলে এনামুল হক অন্তরের বাড়ির হাঁস-মুরগির খোঁয়াড়ে লুকিয়ে রাখা অবস্থায় ৫৫টি ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দ করা মোবাইলের মধ্যে আইফোন, মটোরোলা, অপ্পো, রেডমি, রিয়েলমি ও ভিভোসহ বিভিন্ন ব্র্যান্ড রয়েছে। এসব মোবাইলের আনুমানিক অবৈধ সিজার মূল্য প্রায় ১৩ লাখ টাকা।
অভিযানে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশের একটি দল এবং কুড়িগ্রাম-২২ বিজিবির ধলডাঙ্গা ক্যাম্প কমান্ডার সুবাদার মো. মতিউর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল অংশ নেয়।
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, আসাদমোড় এলাকায় দীর্ঘদিন ধরে চোরাই মোবাইলের কেনাবেচা হয়ে আসছিল। বিজিবির সহায়তায় অভিযান চালিয়ে এসব মোবাইল জব্দ করা হয়েছে। চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ জানিয়েছে, আটক এনামুল হক অন্তরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
স্থানীয়দের অভিযোগ, আসাদমোড় এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র ভারতীয় চোরাই মোবাইলের কেনাবেচার সঙ্গে জড়িত। তাদের দাবি, শুধু একজনকে আটক বা মোবাইল জব্দ নয়, এর সঙ্গে জড়িত পুরো চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা প্রয়োজন।