প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন,
বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার ৫ নম্বর কালিকাপুর ওয়ার্ডে ক্যান্সারে আক্রান্ত পরিবারের কর্তা ঢাকায় চিকিৎসাধীন থাকার সুযোগে ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল বাড়ির পেছনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোটরসাইকেলসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ পরিবারের।সোমবার সকালে ঢাকায় অসুস্থ স্বজনের চিকিৎসা শেষে বাড়িতে ফিরে চুরির বিষয়টি টের পান পরিবারের সদস্যরা। এ ঘটনায় পরিবারটিতে নেমে এসেছে শোক ও হতাশা।ভুক্তভোগী হাবিবুর রহমান সরদার (৫০) গত প্রায় ২০ দিন ধরে ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালে কেমোথেরাপি নিচ্ছেন। বাবার চিকিৎসার জন্য তার ছেলে রায়হানও ঢাকায় অবস্থান করছেন। ফলে বাড়িটি দীর্ঘদিন ধরে অনেকটা ফাঁকা ছিল।পরিবারের সদস্যদের অভিযোগ, এই সুযোগে চোরেরা বাড়ির পেছনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে একটি RTR 2V মোটরসাইকেল, পানি তোলার মোটরপাম্প, নগদ ৩০ হাজার টাকা, স্বর্ণালংকার, রাইসকুকার ও নতুন কাপড়চোপড়সহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। এছাড়া বিদ্যুৎ না থাকায় ফ্রিজে রাখা কয়েক হাজার টাকার মাছ-মাংসও নষ্ট হয়ে গেছে।রায়হান বলেন, আমরা হাসপাতালে বাবার জীবন বাঁচানোর লড়াই করছি। এর মধ্যে চোরেরা আমাদের শেষ সম্বলটুকুও নিয়ে গেছে। এখন বাবার চিকিৎসা চালাব কীভাবে এটাই আমাদের বড় চিন্তা।এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন বলেন, খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুরির ঘটনায় তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।চুরির ঘটনায় পরিবারটি দ্রুত চোরদের শনাক্ত করে মালামাল উদ্ধারের পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।