মো:কোরবান আলী, মাল্টিমিডিয়া রিপোর্টার,উল্লাপাড়া উপজেলা
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৯১ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। কৃতী শিক্ষার্থীদের সাফল্য উদযাপনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টায় উপজেলার মোমেনা আলী বিজ্ঞান স্কুল মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানু ইসলাম ও আজীবন দাতা সদস্য মোমেনা আলী।
এছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টার ও আজিজুর রহমান মানু, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র বেলাল হোসেন, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মকুল হোসেন, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সন্টু, বিশিষ্ট সমাজসেবক জাহিদ হাসান, অভিভাবক সদস্য তৌহিদুল ইসলাম জুয়েল, বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মোক্তার হোসেন এবং উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লিটনসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জিপিএ-৫ প্রাপ্ত ২৯১ জন শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে বলেন, পরীক্ষায় অর্জিত এ সাফল্য তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তারা।
পরে কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও সম্মাননা তুলে দেওয়া হয়। নিজেদের সাফল্যের স্বীকৃতি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দ, উৎসাহ ও গর্বের আবহ।