ঢাকার সাভারে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ কর্মকর্তার (ডিবি-উত্তর)। গ্রেপ্তারদের মধ্যে একজনের বিরুদ্ধে আগেও একটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ১৮ আগস্ট সাভারের বক্তারপুর ও সাভার থানা বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি (উত্তর) এর একটি দল। ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ আব্দুল মুত্তালিব সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন।
এ সময় বক্তারপুর এলাকার বাসিন্দা মোঃ আব্দুল খালেক (৬৩) ও তার স্ত্রী মোসাঃ মরজিনা বেগম (৫২)কে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার ওজন ২০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, একই দিন রাত সাড়ে ১০টার দিকে সাভার থানা বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ অভিযানে এসআই মোঃ শাহাদাৎ হোসেনের নেতৃত্বে মোঃ রাকিব রায়হান (২৯) ও মোঃ ফয়সাল আহম্মেদ (২৭) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ফয়সাল আহম্মেদের বিরুদ্ধে এর আগে একটি মাদক মামলা রয়েছে।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, পৃথক অভিযানে গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।