মো:কোরবান আলী মাল্টিমিডিয়া রিপোর্টার
উল্লাপাড়া উপজেলা:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় চোর সন্দেহে এক যুবককে আটক করে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, নলকা সেনগাতী গ্রামের শহিদুল ইসলামের ছেলে বাবু (৩০) নামের ওই যুবককে চোর সন্দেহে ধোপাকান্দি ন্যাশনাল ফুডসিটি হোটেলের সামনে আটক করা হয়। পরে তাকে এরশাদের ওয়ার্কশপের সামনে নিয়ে একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ।
স্থানীয়দের অভিযোগ, ধোপাকান্দি গ্রামের আদুস সাত্তারের ছেলে ও ন্যাশনাল ফুডসিটি হোটেলের মালিক আলহাজ ফরিদুল ইসলামের নির্দেশে বাবুকে আটক করা হয়। পরে ধোপাকান্দি পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে সাইদুল তাকে গাছের সঙ্গে বেঁধে রাখেন এবং একই গ্রামের আকবর আলীর ছেলে রিপন লাঠি দিয়ে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সচেতন মহল বলছে, কেউ অপরাধে জড়িত থাকলে আইন নিজের হাতে তুলে না নিয়ে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা উচিত। অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
তবে বাবু সত্যিই চুরির সঙ্গে জড়িত ছিলেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে হোটেল মালিক আলহাজ ফরিদুল ইসলামের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় কথিত নির্দেশদাতা আলহাজ ফরিদুল ইসলামসহ জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে স্থানীয় সচেতন মহল। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানিয়েছেন তারা।