জেলা প্রতিনিধি , নবীওয়ালিউল্লাহ
সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে শিবগঞ্জে বিশেষ অভিযান চালিয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিযানে মালিকবিহীন ২৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘Eskuf DX’ সিরাপ এবং একটি অ্যাপাচে আরটিআর (Apache RTR-160 cc) মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৮ আগস্ট ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টায় সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৮৪/২-এস থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন মোবারকপুর ইউনিয়নের ধুপপুকুর গ্রামে এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনাকালে কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল হতে কানসাট অভিমুখে আসা একটি মোটরসাইকেলের দুই আরোহী বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। পরে টহল দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলে থাকা দুটি প্লাস্টিকের ক্যারেট থেকে ২৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় স্কফ সিরাপ উদ্ধার করে এবং মোটরসাইকেলটি জব্দ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (এসজিপি, বিএফএম, পিএসসি) জানান, সীমান্ত দিয়ে সকল প্রকার চোরাচালান ও মাদক প্রবেশ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।