নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় মাদক, ইভটিজিং,জুয়া,চুরি,বাল্যবিবাহ,চোরাচালান রোধকল্পে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলার সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন ও রানীখং উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক,ইভটিজিং, জুয়া,অনলাইন জুয়া,চুরি,গরু চুরি,বাল্যবিবাহ, চোরাচালানের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে৷ যুবসমাজকে ধ্বংসকারী মাদক ও জুয়ার নেশা নির্মূলে নেত্রকোণা জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। তবে অভিভাবকদের সচেতনতা এখানে সবচেয়ে জরুরি।
তিনি বলেন, নারীদের নিরাপত্তা বিঘ্নিতকারী ইভটিজিং এবং সাধারণ মানুষের জানমালের ওপর আঘাত হানা চাঁদাবাজিকে আমরা কঠোর হস্তে দমন করবো। পাশাপাশি একটি মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিবাহ বন্ধে আমাদের অনড় থাকতে হবে এবং যেকোনো মানসিক সংকটে আত্মহত্যার পথ না বেছে নিয়ে জীবনকে ভালোবাসতে শিখতে হবে। মনে রাখবেন, অপরাধী যেই হোক তার কোনো ছাড় নেই। আপনারা নির্ভয়ে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন, আমরা একটি সুস্থ ও অপরাধমুক্ত সমাজ উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
এই আয়োজনে স্কুলের শিক্ষক,শিক্ষার্থী, সাংবাদিক ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।