গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতিশ্রুতি মোতাবেক সারা দেশের কিশোর, যুবক ও শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া নৈপুণ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সম্মান অর্জনের লক্ষ্যে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল ও নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতা বিষয়ে গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সকল মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শরীরচর্চা শিক্ষক, উপজেলা ক্রীড়া সংস্থা এবং ক্রীড়ামোদী খেলোয়াড়দের সমন্বয়ে মঙ্গলবার বেলা ১১টায় অডিটোরিয়াম হলে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা ক্রীড়া অফিসার মো. মনিরুজ্জামান মুন্না। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নতুন কুঁড়ির সংগঠক সাইফুল আরা বায়েজিদ, জাতীয় হকি খেলোয়াড় পারভীন আক্তার ও নতুন কুঁড়ির সংগঠক মো. মারুফ হোসেন। প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালনে অবহেলা ও আন্তরিকতার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষক হচ্ছেন আদর্শ ও সর্বোচ্চ শ্রদ্ধার ব্যক্তি। সেখানে সরকারের নির্দেশনার প্রতি অবহেলা করা এক প্রকার দুর্নীতি। তিনি সকল প্রতিষ্ঠানের প্রধানকে আগামী এক সপ্তাহের মধ্যে ক্রীড়া শিক্ষার্থীদের তালিকা প্রণয়নে দায়িত্ব পালনে সচেষ্ট হওয়ার জন্য আশাবাদ ব্যক্ত করেন।