আখাউড়া সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খড়মপুর কেল্লা শহীদের মাজারের চারটি দানবাক্সে গণনা করে ১ কোটি ৩ লাখ ৬৫১ টাকা পাওয়া গেছে। এছাড়া দানবাক্সে সোনা, রুপা ও বিভিন্ন দেশের বিদেশি মুদ্রাও পাওয়া যায়।
সোমবার (১৭ আগস্ট) সকাল থেকে মঙ্গলবার (১৮ আগস্ট) ভোররাত পর্যন্ত দানবাক্স খুলে টাকা গণনা করা হয়। এতে সোনালী ব্যাংকের প্রায় ৫০ কর্মকর্তা ও মাজার শরিফ মাদ্রাসার অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেন।
মাজার পরিচালনা কমিটি জানায়, সাত দিনব্যাপী ওরস উপলক্ষে দেশ-বিদেশের ভক্ত-আশেকানরা মাজারে এসে দানবাক্সে এসব অর্থ ও মূল্যবান সামগ্রী দান করেন।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাজার পরিচালনা কমিটির সহসভাপতি তাপসী রাবেয়া জানান, নগদ টাকা গণনা শেষ হয়েছে। তবে সোনা, রুপা ও বিদেশি মুদ্রার হিসাব-নিকাশ এখনো চলছে। সব হিসাব শেষে মাজারের সার্বিক আয়-ব্যয়ের তথ্য জানানো হবে।