শাওন হোসেন, মাল্টিমিডিয়া রিপোর্টার:
সৌদি আরবের মাসাম প্রকল্পের মাইন নিষ্ক্রিয়করণ দলগুলো গত সপ্তাহে ইয়েমেনের বিভিন্ন অঞ্চল থেকে মোট ৫,২৮৭টি বিস্ফোরক ডিভাইস সফলভাবে অপসারণ করেছে।
একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, জব্দ করা এসব ডিভাইসের মধ্যে রয়েছে:
২,০৭৫টি অবিস্ফোরিত যুদ্ধাস্ত্র
৬৮টি ট্যাংক-বিধ্বংসী মাইন
১১টি ব্যক্তি-বিধ্বংসী মাইন
৩টি হাতে তৈরি বিস্ফোরক ডিভাইস (আইইডি)
দেশজুড়ে নির্বিচারে পুঁতে রাখা এসব বিস্ফোরক শিশু, নারী ও প্রবীণসহ সাধারণ মানুষের জীবনের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছিল। মারিব, এডেন, জউফ, শাবওয়া, তাইজ, হোদেইদাহ, লাহিজ, সানা, আল-বায়দা, আল-ধালে এবং সাদা—এই অঞ্চলগুলোতে চালানো হয় এসব মাইন অপসারণ অভিযান।
এর মাধ্যমে ২০১৮ সালে মাসাম প্রকল্প চালুর পর থেকে নিষ্ক্রিয় করা বিস্ফোরক ডিভাইসের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৫,৬৭০টিতে। বেসামরিক নাগরিকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছে দিতে বর্তমানে দলগুলোকে গ্রাম, রাস্তা ও স্কুল প্রাঙ্গণ ঝুঁকিমুক্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সৌদি সাহায্য সংস্থা কেএসরিলিফ (KSrelief)এর বাস্তবায়নে পরিচালিত এই প্রকল্পটি স্থানীয় মাইন নিষ্ক্রিয়করণ প্রকৌশলীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আধুনিক সরঞ্জাম সরবরাহের পাশাপাশি বিস্ফোরক দুর্ঘটনায় আহত ইয়েমেনি নাগরিকদের চিকিৎসাসেবা ও সহায়তা প্রদান করে আসছে।