মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে শিক্ষক ও কর্মচারীদের দুটি সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠানে অতিথিদের সম্মানে টানানো ব্যানারে অসংখ্য ভুল পরিলক্ষিত হয়েছে। এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার এই আয়োজনে এমন কাণ্ড নিয়ে স্থানীয় সচেতন মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সোমবার (১৭ আগস্ট) সকালে মাদারগঞ্জ উপজেলার শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদ এবং মাদ্রাসা শিক্ষক কর্মচারী সমিতি যৌথভাবে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা শিক্ষা অফিসার এবং স্থানীয় বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় হাফ ডজন অতিথি উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথিদের সম্মানে মঞ্চে যে ব্যানারটি টানানো হয়েছিল, তাতে বানান, শব্দ নির্বাচন ও ব্যাকরণগত প্রায় ২০ থেকে ২৫টি ভুল পরিলক্ষিত হয়। এর মধ্যে অন্তত ১৫টি বড় ধরনের বানান ভুল স্পষ্ট হয়ে উঠলে বিষয়টি উপস্থিত সবার দৃষ্টি কাড়ে। শিক্ষকদের একটি অনুষ্ঠানে এমন ভুলে ভরা ব্যানার টানানোর বিষয়টি স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে পড়ে।
এ বিষয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি জহরুল ইসলাম বলেন, "আমি এই অনুষ্ঠানের ব্যানার বানাইনি। উপজেলা বিএনপির এক নেতা ব্যানারটি বানিয়েছিলেন। শিক্ষকদের একটি ব্যানারে এত ভুল দেখে আমি অনুষ্ঠান শেষে ক্ষোভ প্রকাশ করে চলে আসি।"
এদিকে উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শফিকুল হায়দার জানান, "শিক্ষকদের কোনো আয়োজনে এমন ভুল থাকা একেবারেই শোভনীয় নয়। তবে আমি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলাম না।"