চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩ থেকে ৪ জন মাদককারবারি পালিয়ে যায়।
সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় বেঁদেপাড়া এলাকায় আরসিএল ফিল্ড সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার এসআই মো. সাদ্দাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় সিলভার রঙের একটি প্রাইভেটকারে (চট্টগ্রাম মেট্রো-গ-১২-৯৯৬৪) তল্লাশি চালিয়ে প্লাস্টিকের তিনটি বস্তার ভেতর থেকে ২৫টি পোটলায় থাকা ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলায় দুই কেজি করে গাঁজা ছিল বলে জানিয়েছে পুলিশ।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পরিবহনের সঙ্গে জড়িত ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এ ঘটনায় জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।