তানিয়া আক্তার ফারজানা
রাজধানীর ৪১৬ বছরের ঐতিহ্য ও সংস্কৃতিকে উদযাপন করতে পুরান ঢাকার সূত্রাপুরে শুরু হয়েছে ‘ঢাকা নাট্যোৎসব ২০২৬’। আট দিনব্যাপী এ নাট্যোৎসবের উদ্বোধন হয় রোববার জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আয়োজনে উৎসবটিতে পুরান ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিনির্ভর আটটি নাটক মঞ্চস্থ হবে। মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ শীর্ষক আয়োজনের অংশ হিসেবে এই নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। অনুষ্ঠানে উৎসবের আয়োজক খন্দকার শাহ আলম বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খায়র রহমান।
উদ্বোধনী বক্তব্যে মো. আবদুস সালাম বলেন, সামাজিক অবক্ষয় রোধ এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই। নাটক, গান, সাহিত্যচর্চা ও খেলাধুলার মাধ্যমে মানুষের মধ্যে দেশপ্রেম ও মূল্যবোধ গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, একসময় ঢাকায় অসংখ্য পাঠাগার ছিল। শিশুরা এসব পাঠাগারের সদস্য হয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হতো। এর মাধ্যমে তরুণদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকশিত হতো। উৎসবের প্রথম দিনে গ্রন্থিক থিয়েটার গ্রুপ মঞ্চস্থ করে নাটক ‘গিরগিটি’। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন মতিউর রহমান রানা।
উৎসবে আরও মঞ্চস্থ হবে ‘অন্তরালে আয়না’, ‘রঙিলা ফানুস’, ‘ভেলকি’, ‘চম্পাবতী’, ‘শাস্তি’ এবং ‘শায়েস্তা খাঁর পরী’সহ বিভিন্ন নাটক। নাটকের পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক পরিবেশনা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৩ আগস্ট নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পুরান ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম প্রধান লক্ষ্য।