দেশের স্বার্থবিরোধী বাণিজ্যচুক্তি বাতিল, চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা না দেওয়া এবং রাষ্ট্রায়ত্ত শিল্প-কারখানা ব্যক্তিমালিকানায় হস্তান্তরের প্রতিবাদে নেত্রকোণার দুর্গাপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
রবিবার (১৬ আগস্ট) বিকেল ৩টায় দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে সিপিবির সুসঙ্গ দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের স্বার্থবিরোধী কোনো বাণিজ্যচুক্তি জনগণ মেনে নেবে না। চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়া এবং রাষ্ট্রায়ত্ত ৪৪টি শিল্প-কারখানা ব্যক্তিমালিকানায় দেওয়ার উদ্যোগও বন্ধ করতে হবে। একই সঙ্গে বিদ্যুৎ ও গ্যাসের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং জনগণের ক্রয়ক্ষমতা নিশ্চিত করার দাবি জানান তারা।
বিক্ষোভ থেকে আমেরিকার সঙ্গে দেশবিরোধী বাণিজ্যচুক্তি বাতিল, চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা না দেওয়া, রাষ্ট্রায়ত্ত ৪৪টি শিল্প-কারখানা ব্যক্তিমালিকানায় হস্তান্তর বন্ধ, বিদ্যুৎ-গ্যাস সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং জনগণের ওপর কর ও বিদেশি ঋণের বোঝা কমানোর দাবি জানানো হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন সিপিবির সুসঙ্গ দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক মোরশেদ আলম, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি সায়মন মিয়াসহ স্থানীয় নেতারা।
সিপিবি সুসঙ্গ দুর্গাপুর উপজেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কর্মসূচি সঞ্চালনা করেন।
বক্তারা দেশের স্বার্থ ও জনগণের অধিকার রক্ষায় জনস্বার্থবিরোধী সব সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।