বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার আলোচিত তিনটি নবগঠিত ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। গণশুনানির ভিত্তিতে নতুন নাম চূড়ান্ত করেছে জেলা প্রশাসন।
রবিবার (১৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়। পরে নতুন নাম ঘোষণা করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
নতুন নাম অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার মীরবাড়ি ইউনিয়নের নাম রাখা হয়েছে বেতগাড়ী ইউনিয়ন। মোকামতলা উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুন নাম জগন্নাথপুর ইউনিয়ন এবং দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তন করে রহবল ইউনিয়ন রাখা হয়েছে।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, জেলা প্রশাসনের সমন্বয় সভায় তিনটি ইউনিয়নের নতুন নাম অনুমোদন করা হয়েছে।
এখন প্রস্তাবটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর গেজেট প্রকাশের মাধ্যমে নতুন নাম কার্যকর হবে।
এর আগে গত ১৪ জুন জারি করা সরকারি প্রজ্ঞাপনে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। সেগুলোর নাম ছিল মীরবাড়ি, সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম।
এর মধ্যে মীরবাড়ি নামটি তৎকালীন বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নামের সঙ্গে এবং সীমান্ত ও দিগন্ত নাম দুটি তাঁর দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ও মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে মিল থাকায় বিষয়টি নিয়ে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়।
তৎকালীন সংসদ সদস্য মীর শাহে আলম দাবি করেছিলেন, নামগুলোর সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের নামের মিল কাকতালীয়। তাঁর ভাষ্য ছিল, সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর ভৌগোলিক অবস্থান, প্রশাসনিক প্রয়োজন এবং গণশুনানির ভিত্তিতেই নাম নির্ধারণ করা হয়েছিল। তিনি আরও বলেন, সন্তানদের নামে ইউনিয়নের নামকরণই যদি উদ্দেশ্য হতো, তাহলে নামের আগে ‘মীর’ শব্দটি যুক্ত করা হতো।
পরবর্তীতে সরকারের নির্দেশে ২১ জুন তিন ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ নেয় জেলা প্রশাসন।
এ লক্ষ্যে ২৩ ও ২৫ জুন দুই দফায় মীরবাড়ি, সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তন বিষয়ে গণশুনানির আয়োজন করা হয়। গণশুনানিতে স্থানীয় বাসিন্দাদের মতামতের ভিত্তিতেই নতুন নাম চূড়ান্ত করা হয়েছে।