শনিবার, ১৫ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শিবচরে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরের জলে হারিয়ে গেল দুই প্রাণ, আহত ১

মোঃ শামীম আহমেদ
শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ০৮:২৯ pm
শিবচরে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরের জলে হারিয়ে গেল দুই প্রাণ, আহত ১

শিবচর উপজেলা প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। আনন্দ আর উল্লাসের একটি মুহূর্ত মুহূর্তেই রূপ নিয়েছে গভীর শোকে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার আজিজুর সরদারের মেয়ে তার নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল। দুপুরের দিকে সে তার খালাতো বোন জান্নাতুল, আতিকা এবং লাবিবাকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে তারা অজান্তেই পুকুরের গভীর পানিতে চলে যায়। সাঁতার না জানার কারণে মুহূর্তের মধ্যেই তাদের মধ্যে দু'জন পানিতে তলিয়ে যায় এবং অপরজনও পানিতে হাবুডুবু খেতে থাকে। তাদের চিৎকার ও আশপাশের লোকজনের নজরে বিষয়টি এলে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করেন।

সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক দুই কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন। এছাড়া অপর এক কিশোরীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে তার চিকিৎসা চলছে।

অসময়ে ঘটে যাওয়া এই আকস্মিক ট্র্যাজেডিতে গোটা বালাকান্দি গ্রাম তথা পুরো এলাকায় নেমে এসেছে শোকের মাতম। পরিবারগুলোর কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতালের বাতাস।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যুর খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!