অভিজিত শীল নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের গ্রেপ্তার হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নাচোল পৌর এলাকার নিজ বাসস্থান থেকে তাঁকে আটক করা হয়।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাচোল থানায় দায়ের করা একটি পূর্বের মামলা এবং ১৫ আগস্ট শোক দিবসকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় আব্দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন।