প্রতিবেদক: এইচ এম সাগর
দীর্ঘদিন ধরে বাসাবাড়িতে গ্যাসের তীব্র সংকটে অতিষ্ঠ হয়ে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসি'র সাভার আঞ্চলিক অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। এ সময় তারা দ্রুত গ্যাস সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়ে কর্তৃপক্ষকে তিন দিনের সময়সীমা বেঁধে দেন। নির্ধারিত সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
রোববার (১৯ জুলাই) দুপুরে সাভারের বিভিন্ন এলাকা থেকে শতাধিক নারী-পুরুষ গ্যাসের দাবিতে তিতাস গ্যাসের সাভার আঞ্চলিক অফিসের সামনে জড়ো হন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে অফিস ঘেরাও করেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ চলাকালে অফিস এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে অংশ নেওয়া গ্রাহকদের অভিযোগ, গত প্রায় দুই মাস ধরে তাদের বাসাবাড়িতে নিয়মিত গ্যাস সরবরাহ করা হচ্ছে না। দিনের অধিকাংশ সময় চুলায় গ্যাস না থাকায় রান্নাবান্না কার্যত বন্ধ হয়ে পড়েছে। বিশেষ করে সকাল ও রাতের ব্যস্ত সময়েও গ্যাসের চাপ না থাকায় পরিবার নিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা।
গ্রাহকদের ভাষ্য, গ্যাসের অভাবে অনেক পরিবার বাধ্য হয়ে হোটেল-রেস্টুরেন্ট থেকে খাবার কিনে খাচ্ছেন। আবার অনেকেই বিকল্প হিসেবে লাকড়ি কিংবা অন্যান্য জ্বালানির চুলা ব্যবহার করে রান্না করছেন, যা একদিকে যেমন অতিরিক্ত ব্যয় বাড়াচ্ছে, অন্যদিকে পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকিও তৈরি করছে।
বিক্ষোভে অংশ নেওয়া একাধিক গ্রাহক বলেন, "আমরা নিয়মিত গ্যাস বিল পরিশোধ করি। কিন্তু মাসের পর মাস গ্যাস না পেয়ে সীমাহীন দুর্ভোগে আছি। ছোট শিশু, বৃদ্ধ ও কর্মজীবী মানুষদের নিয়ে প্রতিদিনই বিপাকে পড়তে হচ্ছে। বহুবার অভিযোগ জানিয়েও কোনো কার্যকর সমাধান পাইনি। তাই বাধ্য হয়ে আমরা রাজপথে নেমেছি।"
বিক্ষোভ শেষে গ্রাহকদের একটি প্রতিনিধি দল তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসি'র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (গাজীপুর) ইঞ্জিনিয়ার এম.ডি. সাখাওয়াত হোসেনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে দ্রুত ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয় এবং সমস্যার সমাধানে তিন দিনের আল্টিমেটাম দেওয়া হয়।
প্রতিনিধিদল জানায়, আগামী তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে বৃহত্তর আন্দোলন, মানববন্ধন, সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসি'র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (গাজীপুর) ইঞ্জিনিয়ার এম.ডি. সাখাওয়াত হোসেন বলেন, "গ্রাহকদের অভিযোগ আমরা গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছি। গ্যাস সংকট নিরসনে ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। খুব দ্রুত পরিস্থিতির উন্নতি ঘটিয়ে স্বাভাবিক গ্যাস সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে।"
এদিকে, দীর্ঘদিনের গ্যাস সংকটে সাভারের বিভিন্ন আবাসিক এলাকার হাজারো পরিবার চরম দুর্ভোগে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা দ্রুত সমস্যার স্থায়ী সমাধান করে নিয়মিত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।