কুষ্টিয়ার কুমারখালীতে বালিভর্তি লাটা হাম্বা গাড়ি চার শিশু সহ নদীতে উল্টে পড়ে যাওয়ার ঘটনায় তিন জীবিত উদ্ধার হলেও আলিফ নামের আট বছরের এক শিশু এখনো নিখোঁজ রয়েছে ।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের শিলাইদহ ঘাট সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে । নিখোঁজ শিশু শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের মন্সুর প্রামাণিকের ছেলে ।
স্থানীয় সূত্রে জানা যায়, লাটা হাম্বা চালক জাকির হোসেন বালিভর্তি গাড়ি নিয়ে যাওয়ার সময় চার শিশু গাড়িটিতে উঠে পড়ে । এসময় তিনি কয়েকবার তাদেরকে গাড়ি থেকে নামিয়ে দেন । কিন্তু শিশুরা তার নিষেধ অমান্য করে আবারও গাড়িতে উঠে যায় । পরে গাড়িটি পদ্মা নদীর পাড় দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গেলে গাড়ির চাকা পিছলে উল্টে নদীতে পড়ে যায়। এসময় গাড়িতে থাকা চার শিশু নদীতে পড়ে যায়। সেসময় চালক জাকির হোসেন নদীতে নেমে তিন শিশুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন । তবে আলিফ এখনো নিখোঁজ রয়েছে বলে জানা যায়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, বালিভর্তি একটি লাটা হাম্বা গাড়ি চার শিশু সহ উল্টে পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় তিন শিশু জীবিত উদ্ধার হলেও এখনো একজন শিশু নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশুকে উদ্ধার কাজ চলমান রয়েছে।