নরসিংদীর মনোহরদীতে সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে ব্যবসায়ীদের নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে রাত ৮টার পর শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ে অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহারের আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার মনোহরদী পৌরসভা বাজার, বাসস্ট্যান্ড, হাতিরদিয়া বাজার ও চালাকচর বাজারে শপিংমল, মার্কেট ও দোকানপাট নির্ধারিত সময় অনুযায়ী পরিচালিত হচ্ছে কি না, তা দেখতে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। মনিটরিং কার্যক্রমে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সজিব মিয়া। এ সময় তিনি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের বলা হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর সব ধরনের শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধ রাখতে হবে। পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে অপ্রয়োজনীয় আলোকসজ্জা না করার জন্যও নির্দেশনা দেওয়া হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন এবং বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে এ ধরনের মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।