নওগাঁর মহাদেবপুরে ট্রাকের ধাক্কায় শুকুর আলী (৫৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার জামাই সাদ্দাম হোসেন (৩৪) আহত হয়েছেন। তবে মোটরসাইকেলে থাকা ১০ বছরের নাতি অক্ষত রয়েছে।
বৃহস্পতিবার ১৩ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ছাতুনতলী-দেবীপুর মোড়ের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শুকুর আলী পার্শ্ববর্তী নিয়ামতপুর উপজেলার পাইকরা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ছাতুনতলী এলাকায় আসার পর শুকুর আলী তার জামাই সাদ্দাম ও নাতিকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে নিয়ামতপুরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে দেবীপুর মোড়ের কাছাকাছি পৌঁছালে মহাদেবপুর থেকে শিবপুরগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই শুকুর আলীর মৃত্যু হয়, আহত হন সাদ্দাম। দুর্ঘটনায় শিশুটি অক্ষত থাকে।
খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে এবং চালক মনতাজ আলী (৫০)কে আটক করে। আটক মনতাজ আলী পোরশা উপজেলার সারাইগাছী বারিন্দা গ্রামের ইয়াদ আলীর ছেলে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।