মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টায় মাদারগঞ্জ আশেক মাহমুদ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই জমজমাট সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে প্রতিদ্বন্দ্বিতা করে মাদারগঞ্জ ফুটবল একাদশ ও কালীবাড়ি ফুটবল একাদশ।
মাদারগঞ্জ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন।
উৎসবমুখর পরিবেশে খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম (বকুল)। অনুষ্ঠানে 'মধ্যমণি' হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর নবী কারী।
এছাড়াও ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সদস্য তালিব খান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজন খান, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা টিটু খান, পৌর কৃষকদলের সদস্য সচিব স্বপন মিয়া, যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী, বিশিষ্ট সমাজসেবক বেনাহার মন্ডল, মাদারগঞ্জ মডেল এস আই সামছুজ্জামান।
খেলায় স্থানীয় অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়ানুরাগী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
বিকেল হতেই খেলা দেখার জন্য আশেক মাহমুদ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে। দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্য এবং আক্রমণ-পাল্টা আক্রমণে পুরো মাঠজুড়ে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করা, সামাজিক অবক্ষয় দূর করা এবং এলাকায় সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করাই এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। নিয়মিত এমন ক্রীড়া আয়োজনের মাধ্যমে স্থানীয় তরুণদের প্রতিভার বিকাশ ঘটবে এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।