ঢাকার সাভারে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পৃথক দুটি ঘটনায় ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর শাখা।
বুধবার (১২ আগস্ট) রাতে সাভার মডেল থানার আমিনবাজারের বড়দেশী ও জিনজিরা এলাকায় পৃথক অভিযান দুটি পরিচালনা করা হয়।
ঢাকা জেলা পুলিশের তথ্য অনুযায়ী, পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে ডিবির কর্মকর্তারা অভিযানে অংশ নেন।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমিনবাজারের বড়দেশী এলাকায় অভিযান চালিয়ে কথিত পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ আগুন (২৯) ও জাহেদা (৪৮)কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার ওজন প্রায় ১০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার মোঃ আগুন বড়দেশী পশ্চিমপাড়া এলাকার শামসুদ্দিন হকের ছেলে এবং জাহেদা একই এলাকার শামসুল হকের স্ত্রী।
অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে জিনজিরা এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোঃ আল-আমিন (৩০) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি জিনজিরা কলমা এলাকার বুলু মিয়ার ছেলে। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলা পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার মোঃ আগুনের বিরুদ্ধে এর আগে দুটি মাদক মামলা ও একটি অন্যান্য মামলা রয়েছে। জাহেদার বিরুদ্ধেও একটি মাদক মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, পৃথক অভিযানে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা জেলা পুলিশের ভাষ্য, সাভারসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।