বুধবার, ১২ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বকেয়া বেতন-ভাতার দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ০৪:৩৯ pm
১১৭
বকেয়া বেতন-ভাতার দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার (১২ আগস্ট) দুপুরে সাভারের তুরাগ এলাকায় এ ঘটনা ঘটে।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তারা কারখানা কর্তৃপক্ষের কাছে বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের দাবি জানিয়ে আসছেন। কিন্তু তাদের অভিযোগ, বারবার আশ্বাস দেওয়া হলেও পাওনা পরিশোধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়।

এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে টিমটেক্স বান্দো ইকো অ্যাপারেলন্স লিমিটেড কারখানার শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের তুরাগ এলাকায় অবস্থান নেন। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানান।

শ্রমিকদের মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে যান চলাচল ব্যাহত হয়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। প্রায় আধা ঘণ্টা ধরে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা।

শ্রমিকদের দাবি, নিয়মিত বেতন-ভাতা না পাওয়ায় তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। অনেক শ্রমিককে ধারদেনা করে দৈনন্দিন খরচ মেটাতে হচ্ছে। বকেয়া পাওনা পরিশোধ না হওয়ায় তারা আর্থিক সংকটের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। পরিস্থিতির কোনো সমাধান না হওয়ায় বাধ্য হয়েই তারা মহাসড়কে নেমে বিক্ষোভ করেছেন বলে জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।

এদিকে, শ্রমিকদের বেতন-ভাতা বকেয়া থাকার অভিযোগের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তারা ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

শ্রমিকরা দ্রুত তাদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং ভবিষ্যতে নির্ধারিত সময়ে বেতন দেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি দাবি পূরণ না হলে তারা পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার কথাও জানিয়েছেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!